
কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের চারটি মামলার শুনানি আপাতত মুলতুবি রাখল কলকাতা হাই কোর্ট। আদালত মৌখিক ভাবে জানায়, আপাতত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখল আদালত। আদালতের মৌখিক পর্যবেক্ষণ, সুমিত রায়ের বিরুদ্ধে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ৷
একাধিক দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়ের আইনজীবী। চাকরিতে দুর্নীতি সংক্রান্ত মামলায় সুমিত রায় রক্ষাকবচ পেয়েছেন। কিন্ত জমি দুর্নীতির মামলায় রক্ষাকবচের আবেদন বাতিল হয়ে গিয়েছিল। সেই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরে সেখান থেকে আপাতত রক্ষাকবচ পেয়েছেন সুমিত রায়। ৩১ অগস্ট ওই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টে কী হয় তা দেখেই পরবর্তী শুনানি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ