অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে নাম ছাঁটাইয়ের অভিযোগ, শিলিগুড়িতে বাম মহিলা সংগঠনের বিক্ষোভ
শিলিগুড়ি, ২৫ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা ভান্ডারসহ একাধিক সরকারি সামাজিক কল্যাণমূলক প্রকল্প থেকে প্রকৃত ও যোগ্য মহিলাদের নাম বেআইনিভাবে বাদ দেওয়ার অভিযোগে শিলিগুড়িতে সোচ্চার হলো বামপন্থী মহিলা সংগঠন ''অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন'' ।
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে নাম ছাঁটাইয়ের অভিযোগ, শিলিগুড়িতে বাম মহিলা সংগঠনের বিক্ষোভ


শিলিগুড়ি, ২৫ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা ভান্ডারসহ একাধিক সরকারি সামাজিক কল্যাণমূলক প্রকল্প থেকে প্রকৃত ও যোগ্য মহিলাদের নাম বেআইনিভাবে বাদ দেওয়ার অভিযোগে শিলিগুড়িতে সোচ্চার হলো বামপন্থী মহিলা সংগঠন 'অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন' । এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়িতে এক বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনটি।

এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন সংগঠনের সদস্যরা। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলিগুড়ি পুরনিগম কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ পুরনিগমের মূল ফটকে ব্যারিকেড গড়ে মিছিলটিকে আটকে দেয়। পুলিশের সঙ্গে সাময়িক বচসার পর প্রতিনিধি দলের পাঁচজন সদস্যকে পুরনিগম কার্যালয়ের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

সংগঠনের ওই পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি পুরনিগমের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।

বিক্ষোভকারী সংগঠনের অভিযোগ, প্রকৃত ও দুস্থ যোগ্য উপভোক্তাদের নাম ইচ্ছাকৃতভাবে সরকারি প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর ফলে শহরের বহু দরিদ্র মহিলা সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

সংগঠনের দাবি, অবিলম্বে বাদ পড়া যোগ্য মহিলাদের নামের পুনর্বিবেচনা ও সঠিক পুনর্নিরীক্ষণ করে তাঁদের পুনরায় উপভোক্তাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সূত্রের খবর, পুরনিগম আধিকারিকরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande