
শ্রীরামপুর (হুগলি), ২৫ আগস্ট (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল মঙ্গলবার শ্রীরামপুরে ‘সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’-এর শুভ উদ্বোধন করেন। এই উপলক্ষে তিনি দাবি করেন যে, আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মাফিয়া রাজ সম্পূর্ণ নিমূল হবে এবং রাজ্য সরকার একটি নির্দিষ্ট আদর্শ ও নীতির ভিত্তিতে চালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সুনীল বনশল জানান, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই ধরনের সেবা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এই কেন্দ্রগুলির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য পৌঁছানো এবং তাঁদের সেই সমস্ত প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া।
তিনি আরও বলেন, এই সেবা কেন্দ্রগুলি কেবল সরকারি সুবিধা পৌঁছানোর মাধ্যম হিসেবে কাজ করবে না, বরং স্থানীয় মানুষের সমস্যা শুনে তা সমাধানের উদ্যোগ নেবে। সাধারণ মানুষের নানা অভিযোগ ও সমস্যার কথা সংশ্লিষ্ট সরকারি দফতরে পৌঁছে দিয়ে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।
সেবা কেন্দ্রের উদ্বোধনী কর্মসূচিতে স্থানীয় বিধায়ক ও মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, মন্ত্রী সুমনা সরকার, বিধায়ক দিলীপ সিং এবং বিধায়ক তুষার মজুমদারসহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজেপি নেতৃত্ব এই সেবা কেন্দ্রকে স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বর্ণনা করেন। তাঁরা জানান, এই ধরণের উদ্যোগের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা আরও বেশি সংখ্যক মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি