
শিমলা, ২৬ আগস্ট (হি.স.): বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। রাজ্যজুড়ে বৃষ্টিজনিত কারণে বন্ধ রয়েছে শতাধিক রাস্তা। ব্যাহত হয়েছে জল সরবরাহ প্রকল্পও। বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতি হয়েই চলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে ৯৯টি রাস্তা এখনও বন্ধ রয়েছে এবং প্রায় সাতটি ট্রান্সফরমার ও ৬টি পানীয় জল সরবরাহ ব্যবস্থা অচল হয়ে আছে।
রাজ্য জরুরি পরিষেবা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া সড়কগুলির মধ্যে মান্ডিতে ৪৪টি, কুল্লুতে ২৩টি, সিরমাউরে ১২টি, কাংড়ায় ৭টি, চাম্বায় ৫টি, উনায় ৪টি, শিমলায় ৩টি এবং লাহুল ও স্পিতিতে একটি সড়ক রয়েছে। একইভাবে, অচল হয়ে পড়া ট্রান্সফরমারগুলোর মধ্যে কাংড়া ও চাম্বায় তিনটি করে এবং শিমলায় একটি ট্রান্সফরমার রয়েছে। এছাড়া, শিমলায় তিনটি, হামিরপুরে দুটি এবং কাংড়ায় একটি পানীয় জল সরবরাহ প্রকল্প ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচলে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বৃষ্টিপাত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ