
বীরভূম, ২৭ আগস্ট (হি. স. ) : মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শনিবার, ২৯ আগস্ট বীরভূম সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তারাপীঠ সংলগ্ন কর্কড়িয়া সরস্বতী বিদ্যামন্দিরের মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাড পরিদর্শন করলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
তাঁর বীরভূম সফর ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন ও পুলিশ। জানা গিয়েছে, শনিবার প্রথমে হেলিকপ্টারে করে কর্কড়িয়া সরস্বতী বিদ্যামন্দিরের মাঠে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দেবেন।
এরপর রামপুরহাটের রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠক শেষে বিকেলে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
বিধায়ক ধ্রুব সাহা বলেন, “সামনে কৌশিকী অমাবস্যা। সেই সময় মানুষকে ভরসা জোগাতেই তাঁর এই সফর। সফরে যাতে কোনও রকম খামতি না থাকে, সেই কারণেই প্রশাসনের এই পরিদর্শন।”
এদিন হেলিপ্যাড পরিদর্শনে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক, জেলা পুলিশ সুপার, রামপুরহাট মহকুমাশাসক, মহকুমা পুলিশ আধিকারিক, স্বাস্থ্য দফতরের আধিকারিক, দমকল বিভাগের আধিকারিক-সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্তা।
পাশাপাশি উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম জেলা মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত