
নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): সুস্থ সমাজ, উন্নত কর্মসংস্কৃতির জন্য ক্রীড়াসুলভ মনোভাব অত্যন্ত জরুরি, বৃহস্পতিবার খেলো ইন্ডিয়া সংলাপে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমরা প্রায়ই শুনে থাকি, একটি সুস্থ সমাজ, একটি ভালো পারিবারিক ব্যবস্থা ও উন্নত কর্মসংস্কৃতির জন্য ক্রীড়াসুলভ মনোভাব অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, একবিংশ শতাব্দীর উপযোগী আধুনিক ক্রীড়া-কাঠামো গড়ে তুলতে আমাদের সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র — এখন দেশে এমন এক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে যেখানে প্রতিটি স্তরে সহায়তা প্রদান করা হয়; অর্থাৎ প্রতিভা শনাক্ত করা থেকে শুরু করে তাঁকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই এই সহায়তা পাওয়া যায়।
খেলো ইন্ডিয়া সংলাপে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ক্রীড়া বিজ্ঞান, প্রশিক্ষণ, কোচিং ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আমরা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করছি। খেলাধুলোর বিষয়ে সরকার কতটা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ, এই আয়োজনটি তারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। 'খেলো ইন্ডিয়া ডায়ালগ' কেবল খেলাধুলো নিয়ে আলোচনার কোনও সাধারণ কর্মসূচি নয়; এটি এমন এক আলোচনার মঞ্চ যেখানে প্রতিটি নতুন ধারণা দেশের ক্রীড়া-ভাবনাকে নতুন দিশা দেখাতে পারে। পাশাপাশি, তরুণদের সঙ্গে যে মতবিনিময় চলছে, তা আপনাদের নিজস্ব চিন্তা ও আকাঙ্ক্ষাকে দেশের স্বপ্নের সঙ্গে যুক্ত করার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ