
নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘খেলো ইন্ডিয়া সংলাপ’-এ বক্তব্য রাখেন। জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মেরা যুব ভারত-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি দেশজুড়ে পরিচালিত হয়। দেশের তরুণদের খেলাধুলোয় যুক্ত করা, তাঁদের আকাঙ্ক্ষাগুলি তুলে ধরা এবং যুব-কেন্দ্রিক শক্তিশালী ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে বিভিন্ন ধারণা অথবা পরামর্শ প্রদান করাই এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষ্যে ভার্চুয়ালি তরুণ প্রজন্মের উদ্দেশে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ১০০ বছর আগে মেজর ধ্যান চাঁদ-জি-র অংশগ্রহণে ভারতীয় সেনাবাহিনীর হকি দল নিউজিল্যান্ড সফর করেছিল। সেই সফরই ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ১০০ বছরের ক্রীড়া সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল। আমি সম্প্রতি নিউজিল্যান্ড সফর করেছি এবং সেখানেও মেজর ধ্যান চাঁদ-জি-র কথা স্মরণ করেছি। তিনি যে সম্পর্কের সূচনা করেছিলেন, তা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভারত নিরন্তর কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, ২০১২ সালের অলিম্পিকে ভারত মাত্র ১৩টি ক্রীড়া ইভেন্টে অংশ নিয়েছিল এবং আরও ২০টিরও বেশি বিভাগে কোনও প্রতিদ্বন্দ্বিতা করেনি। এর মধ্যে অনেক খেলাধুলোই আমাদের দেশে খুব একটা পরিচিত নয়, অথচ অন্যান্য দেশ এসব ইভেন্টে পদক জয় করে। পদক সংখ্যা বাড়াতে হলে ভারতকে এই বিভাগগুলিতেও দক্ষতা ও শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। বিশাল সমুদ্রতট এবং বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল থাকায়—জলক্রীড়া থেকে শুরু করে শীতকালীন খেলাধুলো—সার্ফিং ও স্পোর্ট ক্লাইম্বিংয়ের মতো খেলার জন্য প্রয়োজনীয় ভৌগোলিক পরিবেশ ও প্রতিভাবান খেলোয়াড়—উভয়ই ভারতের রয়েছে। তা সত্ত্বেও, বিশ্বমঞ্চে এসব বিভাগে আমাদের উপস্থিতি এখনও নগণ্য।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ২০৩৬ সালের অলিম্পিকের প্রস্তুতির ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত এমন ক্রীড়াবিদদের খুঁজে বের করা ও গড়ে তোলা, যারা ২০৩৬ সালে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন। লাল কেল্লা থেকে আমি ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্য থেকে ক্রীড়া-প্রতিভা খুঁজে বের করার জন্য একটি বড়সড় অভিযানের ঘোষণা করেছি। কোনও শিশুর কেবল আগ্রহের বিষয়টি দেখলেই চলবে না; বরং কোন খেলার জন্য তাঁরা প্রাকৃতিকভাবে উপযুক্ত, তা শনাক্ত করে সেই অনুযায়ী তাদের প্রশিক্ষণ দিতে হবে। আমি আপনাদের আশ্বস্ত করছি, সরকার আপনাদের পাশে থাকবে এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ