
কাঠমান্ডু, ২৭ আগস্ট (হি.স.): নেপালে হড়পা বানের পর জোরকদমে চলছে উদ্ধারকাজ। এমনটাই জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। নেপালের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ফেসবুকে লিখেছেন, অনুসন্ধান ও উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপাল পুলিশের মোট ১৩,২৯৫ জন নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নেপাল পুলিশের ৭,২৫০ জন, নেপাল সেনাবাহিনীর ৪,২০০ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১,৮৪৫ জন সদস্য রয়েছেন।
তিনি জানান, আজ ৬৯টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে এবং সরকারি নির্দেশ ও সমন্বয় ব্যবস্থার আওতায় উদ্ধার ও ত্রাণকাজের জন্য বেসরকারি হেলিকপ্টারও কাজে লাগানো হয়েছে। প্রধানমন্ত্রী এও জানান, রাসুয়া, নুয়াকোট ও ধাদিং-সহ ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া নাগরিক ও নিরাপত্তা কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। প্রায় ৩,৫০০ মানুষের তাৎক্ষণিক আশ্রয়ের জন্য স্কুল এবং সরকারি বা কমিউনিটি ভবনগুলোতে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন্দ্র আরও জানিয়েছেন, নুডলস, বিস্কুট, স্লিপিং ব্যাগ, তোশক ও কম্বল-সহ ১০ ট্রাক ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে; পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে আরও খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। খাদ্য, পানীয় জল এবং জরুরি পরিষেবা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী ত্রাণশিবির স্থাপন করা হয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজে নেপাল রেড ক্রস, নেপাল স্কাউট, লায়ন্স ক্লাব এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাও সক্রিয় রয়েছে। রেড ক্রসের মাধ্যমে প্রায় ৩০,০০০ মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ