
কলকাতা, ২৭ আগস্ট (হি. স.): ‘সিটি অব জয়’ কলকাতা শহরে পা রাখতে চলেছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার এ বিষয়ে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স- এ এক বার্তায় রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ডা. ইন্দ্রনীল খান লিখেছেন— উরুগুয়ে জাতীয় ফুটবল দলকে কলকাতায় স্বাগত। ভারতীয় ফুটবলের আঁতুড়ঘর এই শহর— যেখানে ফুটবল শুধুই একটি খেলা নয়; ফুটবল আবেগ, ফুটবল ভালোবাসা, ফুটবল উদ্যাপনের আর এক নাম।
তিনি আরও বলেন, কলকাতার অলিগলি থেকে ময়দান— শহরের রক্তে মিশে রয়েছে ফুটবল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শহরের মানুষ ফুটবলকে ঘিরে স্বপ্ন দেখেছেন, উচ্ছ্বাসে মেতেছেন, জয়-পরাজয়ের সঙ্গে নিজেদের আবেগকে মিলিয়ে দিয়েছেন। তাই বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যশালী দল উরুগুয়ে কলকাতার মাটিতে পা রাখায় স্বাভাবিকভাবেই বাড়ছে উত্তেজনা। উরুগুয়ের নীল-সাদা জার্সির সঙ্গে আজ যেন মিলেমিশে যাচ্ছে ভারতের ফুটবলপ্রেমীদের আবেগও।
দুই দেশের ফুটবল ঐতিহ্য, ভালোবাসা ও উদ্যাপনের সেতুবন্ধন হয়ে উঠুক এই সফর— এমন প্রত্যাশা ব্যক্ত করে ক্রীড়ামন্ত্রী জানান, কলকাতার ফুটবলপ্রেমীদের কণ্ঠে উঠুক একটাই সুর— ভারতীয় ফুটবলের জয় হোক, ভারতীয় ফুটবলের স্বপ্ন আরও বড় হোক। ভারতীয় ফুটবলের জন্য করতালি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত