
ভোপাল/রাজগড়, ২৮ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশের রাজগড় জেলার ব্যাওরায় শুক্রবার সকালে বেঙ্গালুরু পুলিশের একটি গাড়ি এবং উত্তর প্রদেশের একটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কর্ণাটক পুলিশের এক ইনস্পেক্টর এবং বাসচালকও রয়েছেন। দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোপালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অপরাধের মামলায় অভিযুক্তদের খোঁজে বেঙ্গালুরু পুলিশের সাইবার সেল ও পুলিশের একটি দল উত্তর প্রদেশের দিকে যাচ্ছিল। সেই সময় রাজগড় জেলা সদর সংলগ্ন জাতীয় সড়কে ব্যাওরার ভোপাল বাইপাস ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা উত্তর প্রদেশের নম্বরের একটি যাত্রিবাহী বাসের সঙ্গে পুলিশের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে দু’টি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নিহতদের মধ্যে রয়েছেন কর্ণাটক পুলিশের ইনস্পেক্টর রবি কেভি (৪৫), বেঙ্গালুরুর বাসিন্দা; উত্তর প্রদেশের ফতেহপুরের বাসচালক বিকাশ শুক্লা (২৯); বিহারের গোপালগঞ্জের বাসিন্দা বেলাল আলি (২৩) এবং বিজওয়াড়ের বাসিন্দা জ্যোতিরাদিত্য সিং গৌড়।
আহত ১২ জনকে দ্রুত নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কর্ণাটক পুলিশের এএসআই শ্রীনিবাস (৫০)-সহ তিন পুলিশকর্মী রয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ভোপালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে উত্তর প্রদেশের একাধিক যাত্রীও রয়েছেন।
বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অপরাধের মামলায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে তাঁদের ধরতে পুলিশ দলটি উত্তর প্রদেশের দিকে যাচ্ছিল। সেই সময় রাজগড় এলাকায় সামনে থেকে আসা বাসটির সঙ্গে পুলিশের গাড়িটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ মামলা নথিভুক্ত করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
ঘটনার খবর পেয়ে রাজগড়ের পুলিশ সুপার অমিত কুমার তোলানি এবং রাজ্য মন্ত্রী নারায়ণ সিং পঁওয়ার ব্যাওরার সিভিল হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন। মন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য