
চেন্নাই, ২৮ আগস্ট (হি.স.): নেপালের বন্যা পরিস্থিতির মধ্যে আটকে থাকা শতাধিক তামিল নাগরিককে উদ্ধার করতে তৎপর হলো তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নির্দেশে দিল্লিতে গেছেন রাজ্যের চারজন মন্ত্রী| তাঁরা বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দিল্লির তামিলনাড়ু ভবনে অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কাঠমাণ্ডু যাচ্ছে বলে জানা গেছে।
বুধবার রাসুয়া জেলায় ভোটেকোশী নদীর হড়পা বানে তছনছ নেপালের বিস্তীর্ণ এলাকা। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আটকে রয়েছেন তামিলনাড়ু থেকে কৈলাস মানস সরোবরে যাওয়া শতাধিক তীর্থযাত্রী| তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক হয়| বৈঠকে উদ্ধারকাজ নিয়ে আলোচনা করা হয়। উদ্ধারকাজে কেন্দ্রের সঙ্গে এবং নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে সরাসরি সমন্বয়ের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে চারজন মন্ত্রী দিল্লিতে গিয়েছেন। দিল্লিতে অবস্থিত তামিলনাড়ু ভবনের অতিরিক্ত কমিশনার আশিস কুমারের নেতৃত্বে জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের একটি দলকে কাঠমাণ্ডু পাঠানোর নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। এই দলটি কাঠমাণ্ডু পৌঁছে নেপাল সরকার এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকাজ তদারকি করবে বলে জানা গেছে। এছাড়া, নেপালে আটকে পড়া তামিল নাগরিক ও তাঁদের পরিবার যাতে দ্রুত যোগাযোগ করতে পারেন, তার জন্য তামিলনাড়ু সরকার জরুরি সহায়তা নম্বরও চালু করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ