
জয়পুর, ২৮ আগস্ট (হি.স.): রাখীবন্ধন উপলক্ষে শুক্রবার আবেগঘন হয়ে উঠল জয়পুর সেন্ট্রাল জেলের পরিবেশ। সকাল থেকেই বহু বোন জেলে বন্দি থাকা ভাইদের হাতে রাখি পরাতে সেখানে পৌঁছন। জেল প্রশাসনের পক্ষ থেকে মূল ফটকের কাছে ভাই-বোনের সাক্ষাতের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। জেলের গরাদের ওপারে দাঁড়িয়ে ভাইয়ের হাতে রাখি পরানোর সময় অনেক বোনের চোখে জল চলে আসে।
ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য জেলে পৌঁছনো বোনেদের মুখে ছিল অপেক্ষা ও আনন্দের ছাপ। কিন্তু ভাইয়ের সামনে পৌঁছে রাখি পরানোর মুহূর্তে আবেগ আর ধরে রাখতে পারেননি অনেকেই। কেউ ভাইকে মিষ্টি খাওয়ান, কেউ আবার কয়েক মুহূর্ত কথা বলে মনের কথা ভাগ করে নেন।
রাখীবন্ধন উপলক্ষে বন্দি ও তাঁদের পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য বিশেষ ব্যবস্থা করেছিল জেল প্রশাসন। বোনেদের যাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়, সে জন্য যেসব বন্দির হাতে রাখি পরানো হবে, তাঁদের আগেই মূল ফটকের কাছে নিয়ে আসা হয়।
দুই মিনিটের সাক্ষাতের সময় বোনেরা গরাদের ওপারে থাকা ভাইদের হাতে রাখি পরিয়ে মিষ্টি খাওয়ান। ভাইয়েরাও বোনেদের সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলে তাঁদের খোঁজখবর নেন। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে বোনেদের ফিরে যেতে হয়। তবে ওই অল্প সময়ের সাক্ষাতেই ভাই-বোনের সম্পর্কের গভীর আবেগ স্পষ্ট হয়ে ওঠে।
সাক্ষাতের সময় নিরাপত্তার জন্য গরাদের দুই পাশে প্রহরী মোতায়েন ছিল। পাশাপাশি রাখীবন্ধনের দিনে বোনেরা যাতে ভাইদের সঙ্গে দেখা করতে গিয়ে বেশি সমস্যায় না পড়েন, সেদিকেও নজর রাখে জেল প্রশাসন।
জেলের উঁচু দেওয়াল ও কড়া নিরাপত্তার মধ্যেও রাখীবন্ধনের উৎসব ভাই-বোনের ভালোবাসায় আবেগময় হয়ে ওঠে। কেউ হাসিমুখে জেলে এসেছিলেন, কিন্তু ভাইয়ের হাতে রাখি পরিয়ে ফেরার সময় অনেক বোনের চোখ ছিল জলে ভরা।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য