১৩ দফা দাবিতে শ্রম কমিশনারের দফতরে ডেপুটেশন
আগরতলা, ২৮ আগস্ট (হি.স.) : সর্বভারতীয় দাবি দিবসের অঙ্গ হিসেবে ১৩ দফা দাবিতে শুক্রবার শ্রম কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ও রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করল সিআইটিইউ-ভুক্ত দুটি সংগঠন। সংগঠন দুটি হল ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি
শ্রম দফতরে ডেপুটেশন


আগরতলা, ২৮ আগস্ট (হি.স.) : সর্বভারতীয় দাবি দিবসের অঙ্গ হিসেবে ১৩ দফা দাবিতে শুক্রবার শ্রম কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ও রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করল সিআইটিইউ-ভুক্ত দুটি সংগঠন। সংগঠন দুটি হল ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং ত্রিপুরা সাফাই কর্মী ইউনিয়ন।

এদিনের কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা অভিযোগ করেন, রাজ্য তথা গোটা দেশে বিপুল সংখ্যক মানুষ প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং সাফাই কর্মী হিসেবে কাজ করলেও তাঁদের অনেকেই শ্রম আইনে নির্ধারিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘ সময় ধরে বিভিন্ন বেসরকারি সংস্থা ও ঠিকাদারের অধীনে কাজ করেও কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য মজুরি এবং অন্যান্য শ্রমিক অধিকার নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ করা হয়।

ডেপুটেশন প্রদান প্রসঙ্গে সংগঠনের সর্বভারতীয় সংস্থার সদস্য সাধন বসু জানান, সারা দেশে এক কোটিরও বেশি মানুষ প্রাইভেট সিকিউরিটি গার্ড ও সাফাইয়ের কাজে নিযুক্ত রয়েছেন। ত্রিপুরাতেও প্রায় ১২ হাজার কর্মী এই দুই ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। অথচ তাঁদের বড় অংশকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। শ্রম আইনে যে সুযোগ-সুবিধাগুলি পাওয়ার কথা, বাস্তবে অনেক ক্ষেত্রেই তা মিলছে না বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সিকিউরিটি গার্ড ও সাফাই কর্মীরা দিন-রাত নিজেদের দায়িত্ব পালন করে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আবাসন ও অন্যান্য পরিষেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু তাঁদের কাজের তুলনায় মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা যথেষ্ট নয়। কর্মীদের সামাজিক সুরক্ষা, নির্দিষ্ট কর্মঘন্টা,, ছুটি, পিএফ, ইএসআই-সহ শ্রম আইনে স্বীকৃত অধিকার কার্যকর করার দাবি জানানো হয়।

এদিনের ডেপুটেশনে কর্মীদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মসংস্থানের নিরাপত্তা প্রদান, ঠিকাদারি ব্যবস্থায় কর্মরত শ্রমিকদের অধিকার সুরক্ষিত করা, শ্রম আইন যথাযথভাবে কার্যকর করা এবং সিকিউরিটি গার্ড ও সাফাই কর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনার মতো বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

সংগঠনের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, সংশ্লিষ্ট দফতরগুলিকে নিয়মিত নজরদারি চালিয়ে কর্মীদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বেসরকারি নিরাপত্তা ও সাফাই পরিষেবায় নিযুক্ত শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande