
কলকাতা, ৩ আগস্ট (হি.স.): সীমান্তবর্তী মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ। উদ্ধার হলো ২.৪ কোটি টাকা নগদ ও বিপুল পরিমাণে ফেনসিডিল কফ সিরাপ। সেইসঙ্গে মাদক, অপরাধ এবং বেআইনি চক্রের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতিতেই অনড় রয়েছে রাজ্য সরকার।
এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া 'এক্স' (পূর্বতন টুইটার)-এ এক বার্তায় লিখেছেন, পশ্চিমবঙ্গের মাটি কোনও অপরাধচক্রের নিরাপদ আশ্রয় হতে দেওয়া হবে না এবং যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে প্রশাসন সর্বাত্মক পদক্ষেপ চালিয়ে যাবে।
উল্লেখ্য, গত মাসে কুখ্যাত মাদক পাচারকারী মৃদুল ঘোষ গ্রেফতার হওয়ার পর তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলে। সেই সূত্র ধরেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও মালদা জেলা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে মৃদুলের ঘনিষ্ঠ সহযোগী পিন্টু সরকারসহ আরও দু’জন অভিযুক্ত। পরে মালদা থানার মঙ্গলবাড়ি এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, কালোবাজারে যার আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকা—এমন হাজার হাজার বোতল কফ সিরাপ এবং প্রায় ২০ গ্রাম সোনা।
এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য ও সীমান্তপারের মাদক পাচারচক্রের গোটা নেটওয়ার্ক চিহ্নিত করার চেষ্টা চলছে। সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক অভিযানও জোরদার করা হয়েছে। আইন ভেঙে মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত