
কলকাতা, ৩ আগস্ট (হি. স.): সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে ফিটনেস, সৌহার্দ্য ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ফের আয়োজিত হতে চলেছে ‘মার্লিন-সিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। সোমবার কলকাতায় ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবে (সিএসজেসি) এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ও আলভিটো ডি'কুনহা। তাঁদের উপস্থিতিতেই প্রতিযোগিতার ফিক্সচার নির্ধারণের লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়। এই টুর্নামেন্টকে ঘিরে সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে ইতিমধ্যেই প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে।
উল্লেখ্য, আগামী ৬ ও ৭ আগস্ট দু’দিনব্যাপী এই ফাইভ-এ-সাইড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মার্লিন গ্রুপের স্পোর্টস টাউনশিপ ‘মার্লিন রাইজ–দ্য স্পোর্টস রিপাবলিক’-এ। এ বার মোট ২৩টি দল অংশ নিচ্ছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক/ডিজিটাল—এই দুই বিভাগে আলাদাভাবে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। শহরের বিভিন্ন প্রথম সারির সংবাদমাধ্যমের সাংবাদিকেরা এই প্রতিযোগিতায় মাঠে নামবেন।
মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলেন, খেলাধুলা দলগত কাজ ও শৃঙ্খলার শিক্ষা দেয়। সিএসজেসির সঙ্গে এই উদ্যোগ চালিয়ে যেতে পেরে তাঁরা আনন্দিত। সংস্থার ডিরেক্টর সত্যেন সাংভি জানান, ‘মার্লিন রাইজ’-এ ফের এই প্রতিযোগিতা আয়োজন করতে পেরে তাঁরা গর্বিত। সিএসজেসি সভাপতি অর্চিষ্মান ভাদুড়ীর কথায়, সংবাদমাধ্যমের কর্মীদের কাছে এই প্রতিযোগিতা অত্যন্ত জনপ্রিয় এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এদিন অনুষ্ঠানে দীপেন্দু বিশ্বাস ও আলভিটো ডি'কুনহাও ব্যস্ত কর্মজীবনের মাঝে সুস্থ থাকতে নিয়মিত খেলাধুলার ওপর বিশেষ জোর দেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত