
চেন্নাই, ৩ আগস্ট (হি.স.): তামিলনাড়ু পিকেলবল প্রিমিয়ার লিগ (টিএনপিপিএল) আগামী ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চেন্নাইয়ের এক্সপ্রেস অ্যাভিনিউতে তার দ্বিতীয় আসর শুরু করতে চলেছে। খেলাটিকে বৃহত্তর দর্শকের কাছে পরিচিত করার লক্ষ্যে আয়োজকরা প্রতিযোগিতাটিকে শহরের অন্যতম ব্যস্ত একটি শপিং মলে নিয়ে যাচ্ছেন।
চার দিনব্যাপী এই লিগে ১২টি জেলাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি এবং ১৬৮ জন খেলোয়াড় অংশ নেবেন। আগামী ৪ আগস্ট আইটিসি গ্র্যান্ড চোলায় একটি খেলোয়াড় নিলামের মাধ্যমে দল চূড়ান্ত করা হবে। টুর্নামেন্টে মোট পুরস্কার থাকছে ৩৬ লক্ষ টাকা।
“আমাদের মূল উদ্দেশ্য হলো তামিলনাড়ুর প্রতিটি জেলার তৃণমূল পর্যায়ে পৌঁছানো, তরুণ প্রতিভাদের চিহ্নিত করা এবং তাদের এই পেশাদার মঞ্চটি দেওয়া, যাতে তারা সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত হয় এবং আশা করি, একদিন আমরা তাদের ভারতীয় জার্সিতে দেখতে পাব,” সোমবার তামিলনাড়ু পিকেলবল অ্যাসোসিয়েশন (টিএনপিএ)-এর প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য এবং টিএনপিপিএল সিজন ২-এর পরিচালক যোগেশ রামচন্দানি বলেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি