
মালবাজার, ৩১ আগস্ট (হি.স.): লাটাগুড়ি জঙ্গল সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জখম হলেন চার জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে লাটাগুড়ির জঙ্গল লাগোয়া রাস্তায় একটি দ্রুতগামী বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দু'টি যানই দুমড়ে মুচড়ে যায় এবং ৪ জন আরোহীই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ৪ জনকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মালবাজার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করায়, রাতেই চিকিৎসকরা তাঁদের উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ