
দুর্গাপুর, ৩১ আগস্ট (হি. স.): সম্পত্তির লোভের জেরে নিজের স্বামীকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও শ্যালকদের বিরুদ্ধে। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের মহাল গ্রাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শেখ হাসমত (৪৪)। বীরভূমে কর্মসূত্রে থাকতেন।
তবে গত কয়েকদিন ধরে তিনি পাণ্ডবেশ্বরের মহালের শ্বশুরবাড়িতে থাকছিলেন। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। রবিবার রাতে শেখ হাসমত যখন রাতের খাবার খেতে বসেন, ঠিক তখনই তাঁর স্ত্রী পূর্বপরিকল্পিতভাবে নিজের ভাইদের (হাসমতের শ্যালক) খবর দিয়ে ডেকে আনেন।
অভিযোগ, শ্যালকরা বাড়িতে ঢোকার পরই স্ত্রীর উস্কানিতে শেখ হাসমতের ওপর আচমকা চড়াও হয়। শাবল, লাঠি সোঁটা ও ভারী বস্তু দিয়ে তাঁর ওপর মারাত্মক হামলা চালানো হয়। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় শেখ হাসমত মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। আশপাশের লোকজন চিৎকার শুনে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এদিকে মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহটি আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী ও শ্যালকরা পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পত্তি দখল বা সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরেই এই খুন। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা