পুলিশ নিয়োগ পরীক্ষার ফলাফলের দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত চাকরিপ্রার্থীদের মিছিল
কলকাতা, ৩১ আগস্ট (হি. স.): পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে সোমবার কলকাতায় একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন চাকরিপ্রার্থীরা। শিয়ালদহ থেকে শুরু হয়ে এই মিছিলটি ধর্মতলায় গিয়ে শেষ হয়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা
পুলিশ নিয়োগ পরীক্ষার ফলাফলের দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত চাকরিপ্রার্থীদের মিছিল


কলকাতা, ৩১ আগস্ট (হি. স.): পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে সোমবার কলকাতায় একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন চাকরিপ্রার্থীরা। শিয়ালদহ থেকে শুরু হয়ে এই মিছিলটি ধর্মতলায় গিয়ে শেষ হয়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই হাতে প্লাকার্ড নিয়ে রাজ্যজুড়ে হাজার হাজার চাকরিপ্রার্থী রাস্তায় নেমে আসেন।

পরীক্ষার্থীদের সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের জন্য ২০২৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর ২০২৫ সালের নভেম্বরে লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে শারীরিক সক্ষমতার পরীক্ষাও সম্পন্ন হয়। সফল প্রার্থীদের ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, ফেব্রুয়ারিতে ইন্টারভিউ শেষ হওয়ার পর তাঁদের জানানো হয়েছিল যে বিধানসভা নির্বাচনের কারণে নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত থাকছে এবং নির্বাচন শেষ হলেই নিয়োগ করা হবে। মে মাসে নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ইন্টারভিউয়ের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। সেপ্টেম্বর মাস শুরু হতে চলল, কিন্তু ফলাফল নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট বার্তা মেলেনি।

এই ঘটনার প্রতিবাদেই সোমবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীরা কলকাতায় এসে উপস্থিত হন। তাঁদের বক্তব্য, নিজেদের মেধা ও পরিশ্রমের যোগ্যতায় চাকরি পাওয়ার জন্যই তাঁরা আজ আন্দোলনে নেমেছেন। প্রার্থীরা দাবি জানান যে দুর্গাপূজার আগেই যেন নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, যাতে এই পুজোতেই তাঁরা পুলিশের পোশাক পরে প্রশাসনিক দায়িত্বে যোগ দিতে পারেন।

বিক্ষোভ চলাকালীন পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্লাকার্ড দেখা যায়। তাতে 'এবার পুজোয় খাঁকি চাই' এবং 'ফলাফল ছাড়া ফিরব না'-র মতো বিভিন্ন স্লোগান লেখা ছিল।

চাকরিপ্রার্থীদের এই সুবিশাল মিছিলের কারণে সোমবার বিকেলে ধর্মতলা ও তার আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে পথচারী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়।

চাকরিপ্রার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাঁরা নিজেদের অধিকার ও যোগ্যতার চাকরির জন্যই রাজপথে নেমেছেন এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande