
সোনামুড়া (ত্রিপুরা), ৩১ আগস্ট (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর উত্তরপাড়া এলাকায় বড়সড় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল যৌথবাহিনী। অভিযানে মোট ৭৭৭ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ১৫ কোটি ৫ লক্ষ ৫২ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর আসে মতিনগর উত্তরপাড়া এলাকার মাঠ সংলগ্ন একটি স্থানে বিপুল পরিমাণ গাঁজা মজুত করে রাখা হয়েছে। খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী। পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে ওই এলাকায় যৌথভাবে অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেয় সোনামুড়া থানার পুলিশ, বিএসএফ-এর ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং ১১ নম্বর ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। দীর্ঘ তল্লাশি চালানোর পর মাঠ সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় রাখা বিভিন্ন আকারের ২৯টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। ড্রামগুলো খুলে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়।
ওজন করার পর উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ দাঁড়ায় ৭৭৭ কেজি ৬০০ গ্রাম। ঘটনাস্থলে ওই বিপুল পরিমাণ গাঁজার কোনও দাবিদার পাওয়া যায়নি। ফলে আইনানুগ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া গাঁজা বেওয়ারিশ হিসেবে জব্দ করা হয়েছে।
এত বিপুল পরিমাণ গাঁজা একসঙ্গে উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গাঁজা পাচারের উদ্দেশ্যেই সেগুলো সেখানে মজুত করে রাখা হয়ে থাকতে পারে। তবে গাঁজাগুলো কোথা থেকে আনা হয়েছিল, কারা ওই মাদক সেখানে মজুত করেছিল এবং এর সঙ্গে কোনও বড় মাদকচক্র জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকায় মাদক পাচার ও মজুতের সঙ্গে যুক্ত কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে।
গভীর রাতে যৌথবাহিনীর এই বড়সড় অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার হওয়ার বার্তা মিলেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ