
কলকাতা, ৭ আগস্ট (হি. স.):বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে পুলিশের এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলেও, ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচার সবসময় আইন মেনেই হওয়া উচিত বলে মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। শুক্রবার জনশুনানি কর্মসূচিতে এসে তিনি বলেন, ‘‘ন্যায়বিচার সবসময় সুনির্দিষ্ট আইনি পথেই হওয়া উচিত।’’
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ক্ষমতায় এলে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকার পরিবর্তনের পর বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধের পুনর্নির্মাণের সময় পুলিশের এনকাউন্টারে অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়।
ঘটনার প্রায় এক মাস পর শুক্রবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেন বিজয়া রাহাতকর। তিনি জানান, বারুইপুরের ঘটনা অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক। তবে এনকাউন্টারের ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তাঁর কাছে সম্পূর্ণ তথ্য নেই। একইসঙ্গে তিনি বলেন, পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
আরজি কর-কাণ্ড নিয়েও প্রতিক্রিয়া জানান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। তিনি বলেন, ওই ঘটনা প্রত্যেকের হৃদয় নাড়া দিয়েছে এবং নির্যাতিতার পরিবারের যন্ত্রণা তাঁরা অনুভব করতে পারেন। ঘটনার পর কমিশন প্রথমে পুলিশের সঙ্গে আলোচনা করে এবং পরে নির্যাতিতার বাবা-মায়ের বক্তব্য সিবিআইয়ের কাছে তুলে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়