
কলকাতা, ৭ আগস্ট (হি.স.) : ভারতীয় চিত্রকলার অন্যতম পথিকৃৎ ও বিশিষ্ট শিশুসাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল 'রানাঘাট কথাশিল্প' সংস্থা। শুক্রবার রানাঘাট পৌরসভার সরকারি কর্মচারী সমিতির সভাগৃহে এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পী মহুয়া ভট্টাচার্যের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়েই এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
অনুষ্ঠানে অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিজীবন, শিল্পসাধনা এবং সাহিত্যকীর্তি নিয়ে আলোকপাত করেন পীতম ভট্টাচার্য, সুব্রত গঙ্গোপাধ্যায় ও তারক দেবনাথ। বক্তাদের আলোচনায় উঠে আসে পিতৃব্য রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথের সাহিত্যচর্চার সূচনার কথা। তাঁর সৃষ্টি— ‘শকুন্তলা’, ‘নালক’, ‘বুড়ো আংলা’ এবং ‘রাজকাহিনী’ বাংলা শিশুসাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে আজও সমান জনপ্রিয় ও প্রাসঙ্গিক।
এর পাশাপাশি চিত্রশিল্পে তাঁর অনবদ্য অবদানের কথা স্মরণ করে বক্তারা উল্লেখ করেন যে, শিল্পগুরু অবনীন্দ্রনাথের ‘শাহজাহানের স্বপ্ন’, ‘শাহজাহানের মৃত্যু’, ‘আলমগীর’ ও ‘আওরঙ্গজেব’-এর মতো মুঘল ইতিহাসভিত্তিক চিত্রকর্মগুলি ভারতীয় শিল্পকলার ইতিহাসে অনন্য নিদর্শন হয়ে রয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে অবনীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে কবিতা আবৃত্তিতে অংশ নেন অম্বিকা বিশ্বাস, অদ্রিজা সরকার, দেবারতি বিশ্বাস, আরাত্রিকা সাহা, সৃষ্টি সাহা ও অরিয়া ঘোষ সহ আরও অনেক শিল্পী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত