
নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি. স.): মঙ্গলবার থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৯.৫০ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি বা রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি।
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এই মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৯.৫০ টাকা বেড়ে ২,৭৩৮ টাকার পরিবর্তে এখন ২,৭৪৭.৫০ টাকা হয়েছে। একইভাবে মুম্বইয়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা বেড়ে ২,৬৯১.৫০ টাকার বদলে ২,৭০১ টাকা ছুঁয়েছে। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ১১.৫০ টাকা। ফলে কলকাতায় আজ থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার ২,৮৭২.৫০ টাকার জায়গায় ২,৮৮৪ টাকায় মিলছে।
এ ছাড়া চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০.৫০ টাকা বেড়ে ২,৯০৬ টাকার পরিবর্তে ২,৯১৬.৫০ টাকা হয়েছে। দিল্লি সংলগ্ন এনসিআর অঞ্চলের কথা বললে, নয়ডায় বাণিজ্যিক গ্যাসের দাম ৯.৫০ টাকা বেড়ে ২,৭৩৮ টাকার বদলে ২,৭৪৭.৫০ টাকা হয়েছে। গুরুগ্রামে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার ৯.৫০ টাকা মহার্ঘ হয়ে ২,৭৫৫ টাকার পরিবর্তে ২,৭৬৪.৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গাজিয়াবাদে এই সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা বেড়ে ২,৭৩৮ টাকার জায়গায় ২,৭৪৭.৫০ টাকায় পৌঁছেছে।
বাণিজ্যিক গ্যাসের এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, ধাবা বা ক্যাটারিং ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়বে। তবে স্বস্তির খবর হলো, এই দাম বৃদ্ধি কেবল বাণিজ্যিক শ্রেণীর সিলিন্ডারেই সীমাবদ্ধ রাখা হয়েছে। সাধারণ গৃহস্থালির ব্যবহারে আসা ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দামে কোনো রদবদল ঘটেনি।
হিন্দুস্থান সমাচার / সোনালি