পাঁচ দিনের কর্মদিবসের দাবিতে শুক্রবার দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট
কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): ব্যাঙ্কে পাঁচ দিনের কর্মদিবস চালু-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সাতটি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। ফলে মাসের দ্বিতীয় শনিবার
ব্যাঙ্ক ধর্মঘট


কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): ব্যাঙ্কে পাঁচ দিনের কর্মদিবস চালু-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সাতটি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। ফলে মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার যোগ হয়ে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ। ধর্মঘটীদের বার্তা, রাষ্ট্রায়ত্ত, বেসরকারি-সহ সব ব্যাঙ্কই বন্ধ থাকবে। ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। দীর্ঘদিন ধরেই প্রতি সপ্তাহে পাঁচ দিনের কর্মদিবস ও দু’দিন ছুটি এবং কাজের ভিত্তিতে উৎসাহ ভাতার নীতি বদল-সহ একাধিক দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব ইউএফবিইউ।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সহ-সভাপতি শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায় জানান, শুক্রবারের ব্যাঙ্ক ধর্মঘটের প্রধান বিষয়টি হল পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা। তিনি আরও জানান যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এই ইস্যুকে কেন্দ্র করে আগেই ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। সরকারের তরফ থেকে এই সমস্যার সমাধান করা না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, ব্যাঙ্ক ইউনিয়নগুলির অন্যান্য একাধিক দাবি থাকলেও এই মুহূর্তে পাঁচ দিনের কর্মদিবস কার্যকর করাই তাঁদের মূল দাবি। শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায়ের বক্তব্য, পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থার এই প্রস্তাবটি সরকার আগেই নীতিগতভাবে মেনে নিয়েছে। ২০২৪ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি এবং ব্যাঙ্কিং শিল্পের বেতন সংশোধন চুক্তির সময়ই পাঁচ দিনের ব্যাঙ্কিং কর্মদিবস নিয়ে সম্মত হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত এটি পুরোপুরি কার্যকর করা হয়নি।

ব্যাঙ্ক কর্মকর্তাদের বক্তব্য, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হলে কর্মচারীরা শনিবার ও রবিবার ছুটি পাবেন। ইউনিয়নগুলির যুক্তি, এর ফলে কর্মচারীদের কাজ ও ব্যক্তিগত জীবনের সামঞ্জস্য উন্নত হবে| এদিকে, গ্রাহকরাও ডিজিটাল ব্যাঙ্কিং ও অন্যান্য অনলাইন পরিষেবার মাধ্যমে নিরবিচ্ছিন্ন ব্যাঙ্কিং সুবিধা পাবেন।

সরকার যাতে দ্রুত ব্যাঙ্কে পাঁচ দিনের কর্মদিবস কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন করে, সেই দাবি জানিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। এর পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছে, ইতিবাচক সাড়া না মিললে পর্যায়ক্রমে আন্দোলন আরও জোরদার করা হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande