
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন| সে সময় পুতিনকে রুশ ভাষায় অনুদিত তামিল কবি, দার্শনিক তিরুভাল্লুভারের অমর সৃষ্টি ‘তিরুক্কুরাল’ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, এই বইটি মহান তিরুভাল্লুভারের শাশ্বত জ্ঞান পরম্পরাকে ভাষা ও ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে পৌঁছে দেয়।
ভারত মণ্ডপমে অনুষ্ঠিত এই বৈঠকে দুই রাষ্ট্রনেতা একে অপরকে উষ্ণ অভিবাদন জানান| তাঁরা দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী পরে সমাজ মাধ্যম এক্স-এ বৈঠকের ভিডিও শেয়ার করে পুতিনকে রুশ ভাষায় অনুদিত তিরুক্কুরাল উপহার দেওয়ার কথা জানান। মোদী বলেন, রাষ্ট্রপতি পুতিনকে তিরুক্কুরালের রুশ অনুবাদ উপহার দিয়েছি, যা মহান তিরুভাল্লুভারের শাশ্বত জ্ঞানের ঐতিহ্যকে ভাষাগত ও ভৌগোলিক সীমানা পেরিয়ে ছড়িয়ে দেয়।
উল্লেখ্য, তিরুক্কুরাল তামিল সাহিত্যের অন্যতম মহান একটি সৃষ্টি। এতে ১ হাজার ৩৩০টি দোহা রয়েছে| তাতে নীতিশাস্ত্র, সদাচার, শাসনব্যবস্থা, সামাজিক জীবন ও মানবিক মূল্যবোধ সম্পর্কিত চিন্তাভাবনা সংক্ষেপে এবং গভীরভাবে উপস্থাপন করা হয়েছে। মহান কবি-দার্শনিক তিরুভাল্লুভারের এই কাজ তামিল সাহিত্যের এক গুরুত্বপূর্ণ রচনা। পুতিনকে রুশ ভাষায় অনুদিত তিরুক্কুরাল উপহার ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও সভ্যতার সম্পর্ককেও তুলে ধরে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ