সাগরে বিষমদ-কাণ্ডের মূল অভিযুক্ত রবি লাখেরার ‘শর্ট এনকাউন্টার’, পায়ে গুলি; ধৃত
সাগর, ১১ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দা এলাকায় বহুচর্চিত বিষমদ-কাণ্ডে পলাতক মূল অভিযুক্ত রবি লাখেরাকে শুক্রবার ভোরে সংঘর্ষের পর গ্রেফতার করেছে সাগর পুলিশ। পুলিশ জানিয়েছে, বরায়ঠা জঙ্গলে হনুমান টোং মন্দিরের কাছে ঘেরাও করার সময়ে অ
সাগরে বিষমদ-কাণ্ডের মূল অভিযুক্ত রবি লাখেরার ‘শর্ট এনকাউন্টার’, পায়ে গুলি; ধৃত


সাগর, ১১ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দা এলাকায় বহুচর্চিত বিষমদ-কাণ্ডে পলাতক মূল অভিযুক্ত রবি লাখেরাকে শুক্রবার ভোরে সংঘর্ষের পর গ্রেফতার করেছে সাগর পুলিশ।

পুলিশ জানিয়েছে, বরায়ঠা জঙ্গলে হনুমান টোং মন্দিরের কাছে ঘেরাও করার সময়ে অভিযুক্ত পুলিশ দলকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। পাল্টা গুলিতে তার পায়ে গুলি লাগে। আহত অভিযুক্তকে প্রথমে বান্দা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাগরের বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। তার গ্রেফতারের জন্য পুলিশ ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি বিষমদ তৈরি ও সরবরাহের সঙ্গে যুক্ত নেটওয়ার্কের অন্যান্য ব্যক্তিদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে।

পুলিশের বক্তব্য, বৃহস্পতিবার রাতে খবর পাওয়া যায়, ৪৫ বছর বয়সি রবি লাখেরা, পিতা সুরেশ লাখেরা, বরায়ঠা এলাকার জঙ্গলে লুকিয়ে রয়েছে। এরপর হনুমান টোং মন্দিরের আশপাশে ঘেরাও করে পুলিশ দল। পুলিশকে দেখে অভিযুক্ত গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশের পাল্টা গুলিতে তার পায়ে গুলি লাগে এবং তাকে ধরে ফেলা হয়। পুলিশের পদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন।

৩১ জনের মৃত্যুর দাবি, প্রশাসনের তরফে ১৬ জনের মৃত্যু নিশ্চিত

বান্দা এলাকায় বিষমদ পান করে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে দাবি করা হচ্ছে। বৃহস্পতিবার বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে ভর্তি আরও তিন রোগীর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা ৩১ বলে জানা গিয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে প্রশাসন ও অন্যান্য পক্ষের দাবির মধ্যে এখনও ফারাক রয়েছে।

১৮ অভিযুক্ত গ্রেফতার, ১৩ জনের খোঁজ চলছে

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রবি লাখেরাসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এক অভিযুক্তের মৃত্যু হয়েছে এবং একজন হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ জানিয়েছে, আরও ১৩ জন অভিযুক্ত এখনও পলাতক। তাঁদের সন্ধান চলছে।

রবি লাখেরার বিরুদ্ধে ২৫টি ফৌজদারি মামলা

পুলিশের বক্তব্য, প্রায় ৪৫ বছর বয়সি রবি লাখেরা মূলত ছতরপুর জেলার বাসিন্দা। বর্তমানে সে উত্তরপ্রদেশের ললিতপুরে থাকে। পুলিশ তাকে আন্তঃরাজ্য বেআইনি মদ চক্রের সঙ্গে যুক্ত অভিযুক্ত বলে মনে করছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য জায়গায় তার বিরুদ্ধে প্রায় ২৫টি ফৌজদারি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলা আবগারি আইনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। ২০২৫ সালে সাগরের বাহেরিয়া থানায় দায়ের হওয়া আবগারি মামলাতেও রবি পলাতক ছিল। পুলিশের মতে, ২০২৬ সালের মে মাসে ললিতপুরে ধরা পড়া কথিত নকল মদ কারখানার মামলাতেও তার নাম সামনে এসেছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande