
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে দেশ। জাতীয় এইচপিভি টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত দেশে ৮০ লক্ষের বেশি এইচপিভি টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই অভিযান শুরু করেছিলেন। অভিযানের আওতায় ১৪ বছর বয়সি কিশোরীদের অভিভাবকদের সম্মতিতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্বেচ্ছামূলক ভাবে বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হচ্ছে। ভারতের রেজিস্ট্রার জেনারেলের ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ১ কোটি ২০ লক্ষ মেয়ে ১৪ বছর বয়সে পৌঁছয়। এই উদ্যোগের ফলে তাঁদের উপকৃত হওয়ার আশা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, চারটি রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণ হয়েছে। এই রাজ্যগুলি হল গুজরাট, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও মিজোরাম। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে চিহ্নিত লক্ষ্যমাত্রার ১০০ শতাংশ কভারেজ অর্জিত হয়েছে। বিহার, অন্ধ্রপ্রদেশ ও অসমে ৯০ শতাংশের বেশি কভারেজ হয়েছে। কর্ণাটকে ৮৫ শতাংশের বেশি এবং ছত্তিশগড়, সিকিম, কেরলম , তেলঙ্গানা ও ওড়িশায় ৬০ শতাংশের বেশি কভারেজ হয়েছে। রাজ্যগুলির মধ্যে উত্তর প্রদেশ এগিয়ে রয়েছে। সেখানে এখনও পর্যন্ত ২২ লক্ষের বেশি কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হয়েছে।
মন্ত্রক জানিয়েছে, অভিযানের সময়ে অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা বিশেষজ্ঞদের যুক্ত করে এইচপিভি টিকাকরণ নিয়ে ভ্রান্ত ধারণা ও ভুল তথ্য দূর করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এইমসের মতো প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আশা ও এএনএম কর্মীরাও সচেতনতা অভিযানে সহযোগিতা করছেন।
টিকাকরণের নজরদারির জন্য ‘ইউ-উইন’ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে জেলা স্তরে টিকাকরণের কভারেজ, টিকা না পাওয়া উপভোক্তা এবং টিকাকরণের ঘাটতি চিহ্নিত করা হচ্ছে।
সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রশিক্ষিত চিকিৎসা আধিকারিকদের তত্ত্বাবধানে সমস্ত টিকাকরণ শিবির পরিচালিত হচ্ছে। বিরল পার্শ্বপ্রতিক্রিয়া বা টিকাকরণের পর দেখা দেওয়া প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিকে ২৪×৭ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, অভিযান এখন শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে। অবশিষ্ট যোগ্য কিশোরীদের কাছে পৌঁছনোর উপর জোর দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, কোনও যোগ্য কিশোরী যেন এইচপিভি টিকাকরণ থেকে বঞ্চিত না থাকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য