দেবরাজ চক্রবর্তীর মামলায় সরকারি আইনজীবীকে হুমকির অভিযোগ, বাগুইআটি থানায় অভিযোগ দায়ের
কলকাতা, ১১ সেপ্টেম্বর ( হি.স): তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীর মামলা সামলানো বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ, দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্
দেবরাজ চক্রবর্তী


কলকাতা, ১১ সেপ্টেম্বর ( হি.স): তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীর মামলা সামলানো বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ, দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে তাঁকে হুমকিসুলভ বার্তা দিয়েছে।

বিভাস চট্টোপাধ্যায়ের দাবি, ফোন করে এক ব্যক্তি জানায় যে সে দেবরাজের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে চায় এবং 'দাদা'র নির্দেশেই ফোন করেছে। আইনজীবী অভিযোগ করেন, কথা বলার সময় ওই ব্যক্তির গলা ছিল অত্যন্ত হুমকিসুলভ। পরোক্ষভাবে দেবরাজের মামলায় তাঁকে বেশিদূর না এগোনোরই ইঙ্গিত দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।

হুমকি ফোন পাওয়ার পরেই বিভাস চট্টোপাধ্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং বাগুইআটি থানায় লিখিত অভিযোগ জানান। জমা পড়া অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তোলাবাজি এবং আয়বহির্ভূত সম্পত্তির মামলায় জুলাই মাসে গ্রেফতার করা হয়। এছাড়া বিধাননগর এলাকায় সিণ্ডিক্যাট রাজ চালানো, জমি দখল এবং ২০২১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাতেও তিনি অন্যতম অভিযুক্ত। বাগুইআটি থানায় তাঁর বিরুদ্ধে রুজু হওয়া দুটি এফআইআর-এর মধ্যে একটিতে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে পুলিশ, যেখানে দ্রুত চার্জ গঠন প্রক্রিয়া শুরু হতে চলেছে। অন্য মামলাটির তদন্ত এখনও চলছে।

রাজ্যের একাধিক হাই-প্রোফাইল মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিভাস চট্টোপাধ্যায়। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের মামলাতেও তিনি সরকারি আইনজীবী। তাঁর দাবি, বিগত সরকারের আমলে বিডিও প্রশান্ত বর্মণ সংক্রান্ত মামলাতেও তাঁর ওপর একইভাবে পরোক্ষ চাপ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande