
নদিয়া, ১৩ সেপ্টেম্বর (হি.স.): জেলা হাসপাতালের শৌচাগার থেকে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, মৃতের নাম তপন ঘোষ। তিনি কৃষ্ণনগরের অঞ্জনা পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
দীর্ঘদিন ধরে তপন স্নায়ুরোগে ভুগছিলেন বলে দাবি মৃতের পরিবারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাড়িতে রাখা একটি রাসায়নিক খেয়ে ফেলেন তপনবাবু। অসুস্থ অবস্থায় তাঁকে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার সকালে তপনবাবুর ছেলে তাঁকে হাসপাতালের শৌচাগারে নিয়ে যান এবং নিজে বাইরে অপেক্ষা করতে থাকেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শৌচাগার থেকে বাবা বাইরে না আসায় সন্দেহ হয় ছেলের। তিনি দরজা খুলতেই শৌচাগারের ভিতর গামছায় ফাঁস লাগানো অবস্থায় বাবাকে ঝুলতে দেখেন। ঘটনার পরে হাসপাতালে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তপনবাবু দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে মানসিক অবসাদ থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ