
মালদা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): গঙ্গার জলে প্লাবিত মালদার মানিকচক বিধানসভার ভূতনী এলাকার তিনটি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বন্যায় বহু মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। থানা, বিদ্যালয় থেকে হাসপাতাল— জলের তলায় চলে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে বানভাসি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নৌকায় করে বিভিন্ন গ্রামে পৌঁছচ্ছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা।
সোমবার উত্তর চণ্ডীপুরের বিভিন্ন জলবন্দি গ্রামে নৌকায় পৌঁছে চিকিৎসা পরিষেবা দেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অভিক শংকর কুমার-সহ স্বাস্থ্যকর্মীরা। নৌকার উপরেই রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়। জ্বর, সর্দি, কাশি-সহ বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেওয়ায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এদিন শতাধিক পরিবার ও মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি বন্যার সময় স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন করা হয় দুর্গতদের।
অন্যদিকে, বন্যাকবলিত ভূতনীতে দুর্গতদের পাশে রয়েছেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। বিভিন্ন এলাকায় ঘুরে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি ভূতনী ব্রিজে ওঠার জন্য সরকারি উদ্যোগে বিকল্প লোহার সিঁড়ির ব্যবস্থা করেছেন তিনি। আগামী দিনে একটি উঁচু রাস্তা নির্মাণের আশ্বাসও দিয়েছেন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, ইতিমধ্যেই আড়াইশোর বেশি গর্ভবতী মহিলাকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়