
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.):- তারাতলা কাণ্ডে বোরো ৯-এর সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখের গ্রেফতারের প্রতিবাদে সোমবার কলকাতা পুরসভায় পেন ডাউন কর্মসূচি ও অবস্থান বিক্ষোভে সামিল হলেন ইঞ্জিনিয়াররা। বর্তমানে চার দিনের পুলিশ হেফাজতে রয়েছেন কলকাতা পুরসভার ওই সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
সোমবার সকাল থেকেই কলকাতা পুরসভা চত্বরে কাজ বন্ধ রেখে বিক্ষোভে বসেন ইঞ্জিনিয়াররা। তাঁদের দাবি, অবিলম্বে সহকর্মী আমিনুর শেখকে মুক্তি দিতে হবে। পাশাপাশি, কলকাতা পুরসভার ডিজি (বিল্ডিং)-এর অপসারণের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভে পুরসভার ১৬টি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়াররা অংশ নেন বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের সহকর্মীকে গ্রেফতার করার ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। তাঁর মুক্তির দাবিতে কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।
ইঞ্জিনিয়ারদের স্পষ্ট বক্তব্য, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পেন ডাউন কর্মসূচি এবং অবস্থান বিক্ষোভ চলবে। ফলে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজকর্মে এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুরসভা কর্তৃপক্ষের তরফে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়