
হাবড়া, ১৪ সেপ্টেম্বর (হি.স.): হাবড়া থানার ব্যারাক থেকে এক পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিশ্বনাথ সেন। তিনি বারাসাত জেলা পুলিশের অধীনে হাবড়া থানায় সাব-ইনস্পেক্টর (এসআই) পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বারাসাত আদালতে যাওয়ার কথা ছিল বিশ্বনাথ সেনের। কিন্তু সকাল থেকে থানা চত্বরে তাঁকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজ শুরু করেন। তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি বলে জানা গিয়েছে।
এরপর সহকর্মীরা থানার ব্যারাকে তাঁর ঘরের সামনে পৌঁছন। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তাঁদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে জানালার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিশ্বনাথ সেনের দেহ দেখতে পান সহকর্মীরা। তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। হাবড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়