
দুর্গাপুর, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : পুজোর আগে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদে সামিল হল সিপিআইএম। মঙ্গলবার সকালে দুর্গাপুরের বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডে মোহনানন্দা ক্যান্সার হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা রাস্তার উপর জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মী-সমর্থকেরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। একাধিক বড় গর্ত তৈরি হয়েছে। তার উপর বৃষ্টির জল জমে থাকায় ওই রাস্তা দিয়ে যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। তাঁদের দাবি, রাস্তার সামনেই রয়েছে দুটি বড় হাসপাতাল। ফলে প্রতিদিন রোগী, তাঁদের পরিজন এবং সাধারণ মানুষকে এই রাস্তা ব্যবহার করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে সকলকেই সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া এবং সেখান থেকে বাড়ি ফেরার সময় দুর্ভোগ আরও বাড়ছে বলে অভিযোগ তাঁদের।
সিপিআইএমের আরও অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি। পুজোর আগে দ্রুত রাস্তা মেরামত না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়