
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : সুদূর দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) যোগ দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ। রাজ্যের প্রতিনিধি হিসেবে ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে প্রতিনিধি হিসেবে ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) এ অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত। এই সম্মেলনটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরে অনুষ্ঠিত হচ্ছে। ৬৯তম সিপিসি কমনওয়েলথের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের একত্রিত করে মতবিনিময়, সংলাপ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার জন্য সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে। আন্তর্জাতিক সংসদীয় মঞ্চে পশ্চিমবঙ্গ ও ভারতকে প্রতিনিধিত্ব করা একই সাথে এক বিরাট সৌভাগ্য এবং গুরুদায়িত্ব।
উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরের এই গুরুত্বপূর্ণ সংসদীয় সম্মেলনটি আগামী ১৩ থেকে ২৯ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী চলবে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত