প্রাক্তন খেলোয়াড়দের প্রতি মাসে ১০ হাজার টাকা দেবে রাজ্য সরকার, ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান’ যোজনার বিজ্ঞপ্তি জারি
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্যের প্রাক্তন ও প্রবীণ খেলোয়াড়দের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান’ যোজনার অধীনে যোগ্য খেলোয়াড়দের প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মান ভাতা দেওয়ার আন
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্যের প্রাক্তন ও প্রবীণ খেলোয়াড়দের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান’ যোজনার অধীনে যোগ্য খেলোয়াড়দের প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মান ভাতা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকার আগেই বাজেট পেশের সময় এই প্রকল্পের কথা ঘোষণা করেছিল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স আবেদনের সময়ে অন্তত ৪০ বছর হতে হবে এবং তাঁকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এ ছাড়া, জাতীয় গেমস বা সমমানের কোনও প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে পদক জয়ী হতে হবে।

পাশাপাশি, অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস বা প্যারা স্পোর্টসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়রাও এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হবেন।

তবে কেন্দ্র বা রাজ্য সরকার, ব্যাঙ্ক কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত সক্রিয় কর্মীরা এই ভাতার সুবিধা পাবেন না। অর্থাৎ সরকারি বা সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত খেলোয়াড়দের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে।

আবেদনকারীকে নিজ জেলার জেলাশাসকের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। কলকাতা এলাকার আবেদনকারীদের আবেদন জমা দিতে হবে যুগ্ম সচিবের কাছে। এ ছাড়া, নির্বাচিত প্রাপকদের প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে জীবন প্রমাণপত্র জমা দিতে হবে।

যোগ্যতা যাচাই ও চূড়ান্ত বাছাইয়ের জন্য রাজ্য সরকার একটি স্ক্রিনিং কমিটি গঠন করেছে। অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব বা সচিব পদমর্যাদার আধিকারিক এই কমিটির সভাপতিত্ব করবেন। কমিটিতে সাই-এর আঞ্চলিক অধিকর্তা, ক্রীড়া দফতরের সচিব বা যুগ্ম সচিব, চারজন বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব এবং রাজ্য ক্রীড়া পরিষদের সচিব সদস্য হিসেবে থাকছেন।

সমস্ত শর্ত পূরণকারী যোগ্য খেলোয়াড়দের রাজ্য ক্রীড়া দফতরের মাধ্যমে প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মান ভাতা দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande