
ভোপাল, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের ভোপালে বহুচর্চিত ত্বিশা শর্মা মৃত্যু মামলায় প্রাক্তন জেলা ও দায়রা বিচারক গিরিবালা সিংহ হাই কোর্ট থেকেও কোনও স্বস্তি পেলেন না। মঙ্গলবার মামলার শুনানিতে সিবিআই তাঁর জামিনের বিরোধিতা করেছে।
ত্বিশা শর্মার মৃত্যুর ঘটনায় জেলে থাকা গিরিবালা সিংহের প্রায় তিন সপ্তাহ ধরে মুলতুবি থাকা জামিনের আবেদনের শুনানি এদিন হাই কোর্টে হয়। বিচারপতি অজয় কুমার নিরংকারির একক বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালত গিরিবালা সিংহ এবং সিবিআইয়ের আইনজীবীদের বক্তব্য শোনে। সিবিআইয়ের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয় এবং জামিনের বিরোধিতা করে আপত্তিও জানানো হয়। এরপর হাই কোর্ট মামলার পরবর্তী শুনানি এক সপ্তাহ পরে ধার্য করেছে।
শুনানিতে গিরিবালা সিংহের পক্ষে প্রবীণ আইনজীবী সুরেন্দ্র সিংহ সওয়াল করেন, তাঁর বয়স ও অসুস্থতার কথা বিবেচনা করে তাঁকে জামিন দেওয়া উচিত। সওয়াল করতে গিয়ে সাফাই পক্ষ জানায়, গিরিবালা সিংহ তদন্ত ও আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করবেন। অন্যদিকে, সিবিআই মামলায় জবাব দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চায়। আদালত সিবিআইকে সময় দিয়ে পরবর্তী শুনানি এক সপ্তাহ পরে নির্ধারণ করেছে। আপাতত গিরিবালা সিংহ জেলেই রয়েছেন। পরবর্তী শুনানিতে তাঁর জামিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
গিরিবালা সিংহের আইনজীবী সুরেন্দ্র সিংহ জানান, বিচারপতি অজয় কুমার নিরংকারির আদালতে শুনানির সময় দুই পক্ষের আইনজীবীরাই উপস্থিত ছিলেন। তাঁর পক্ষ থেকে গিরিবালা সিংহের বয়সের বিষয়টি তুলে ধরা হয়। তিনি জানান, গিরিবালা সিংহের কোনও ভুল ছিল না। তাঁর পক্ষ থেকে এমন কোনও প্ররোচনা দেওয়া হয়নি, যার কারণে ত্বিশা আত্মহত্যা করেছেন। এই মামলায় তাঁর মক্কেলের এমন কোনও কাজও ছিল না, যার ভিত্তিতে তাঁকে কোনও অপরাধে জড়িত বলা যায়।
প্রবীণ আইনজীবী সুরেন্দ্র সিংহ বলেন, দুই পক্ষই সময় চেয়েছিল। সিবিআই জানিয়েছে, তারা মামলার কেস ডায়েরি পেশ করতে চায়। একই সঙ্গে তারা আপত্তিও জানিয়েছে। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত এক সপ্তাহের সময় দিয়েছে।
উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী ত্বিশা শর্মার ১২ মে ২০২৬ ভোপালের কাটারা হিলস এলাকায় শ্বশুরবাড়িতে সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যু হয়। এই মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) ২০২৬ সালের আগস্টে তাঁর স্বামী সমর্থ সিংহ এবং শাশুড়ি তথা প্রাক্তন জেলা বিচারক গিরিবালা সিংহের বিরুদ্ধে ৬৩৬ পাতার চার্জশিট পেশ করেছে। এর আগে গিরিবালা সিংহ এবং তাঁর ছেলের বিরুদ্ধে ভোপালের কাটারা থানায় মামলা দায়ের করা হয়েছিল। মামলায় এর আগে ভোপাল জেলা ও দায়রা আদালত তাঁকে আগাম জামিন দিয়েছিল। এরপর মামলাটি হাই কোর্টে যায়। হাই কোর্ট তাঁর আগাম জামিন বাতিল করে দেয়। এবার জামিনের জন্য ফের হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন গিরিবালা সিংহ।
মঙ্গলবারের শুনানিতে সিবিআই জামিনের বিরোধিতা করে আপত্তি জানায়। তবে লিখিত আপত্তি পেশের জন্য এক সপ্তাহ সময় পাওয়ায় হাই কোর্ট আপাতত জামিনের আবেদনে কোনও চূড়ান্ত স্বস্তি দেয়নি। সিবিআইয়ের জবাব পাওয়ার পর মামলার পরবর্তী শুনানি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য