
মালদা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : বর্ষার মরশুমে মহানন্দা নদীতে জলস্রোত বেড়েছে। তার মধ্যেই লাইফ জ্যাকেট ছাড়াই নৌকায় নদী পারাপার করছে শতাধিক পড়ুয়া। ইংরেজবাজার ব্লকের নরহাট্টার টেকরা ঘাট থেকে পুরাতন মালদার লোলাবাগ ঘাটে প্রতিদিন নৌকায় যাতায়াত করে কালাচাঁদ হাইস্কুল, আহ্লাদমনি গার্লস হাইস্কুল এবং শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।
অভিযোগ, পড়ুয়াদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ছোট ও মাঝারি নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। স্থানীয়দের দাবি, নদীপথে মাত্র ১৫ মিনিটে স্কুলে পৌঁছনো গেলেও সড়কপথে যেতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। ফলে সময় বাঁচাতে বাধ্য হয়েই নৌকায় যাতায়াত করতে হচ্ছে পড়ুয়া ও সাধারণ মানুষকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকায় যাত্রীদের কাছ থেকে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়। তবে এই ঘাটের বৈধতা এবং নৌযান চলাচলের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। বর্ষায় নদীর জলস্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে।
মঙ্গলবার শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল ভট্টাচার্য পড়ুয়াদের নিরাপত্তার জন্য যন্ত্রচালিত বড় নৌকা এবং পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। বিধায়ক গোপালচন্দ্র সাহা বিষয়টি প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাত্রী নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়