চন্দ্রনাথ হত্যাকাণ্ডে বড় ধরনের আর্থিক লেনদেনের দাবি শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর আপ্ত সহায়কের হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের আর্থিক লেনদেনের দাবি করেছেন। তিনি দাবি করেছেন, চন্দ্রনাথ রথকে খুন করার জন্য প্রায় ২ কোটি টাকা খরচ করা হয়েছিল। পাশাপাশি, তিনি অভিযোগ তোলেন য
শুভেন্দু অধিকারী  ও  চন্দ্রনাথ রথ


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর আপ্ত সহায়কের হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের আর্থিক লেনদেনের দাবি করেছেন। তিনি দাবি করেছেন, চন্দ্রনাথ রথকে খুন করার জন্য প্রায় ২ কোটি টাকা খরচ করা হয়েছিল। পাশাপাশি, তিনি অভিযোগ তোলেন যে এই বিপুল পরিমাণ অর্থ জোগানোর পেছনে ‘ভাইপো গ্যাং’-এর ভূমিকা ছিল।

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন প্রয়াত চন্দ্রনাথের মা হাসিরানী রথ। মঙ্গলবার হলদিয়া মহকুমাশাসকের দফতরে তাঁর মনোনয়ন পেশের সময় শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তদন্তের একাধিক বিষয় তুলে ধরেন।

শুভেন্দু অধিকারী জানান, ঘটনাটি আন্তঃরাজ্য হওয়ায় রাজ্য সরকার এই মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। তিনি দাবি করেন, এই ঘটনায় সুপারি প্রদানকারী ও শুটারসহ এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, চন্দ্রনাথকে রাস্তা থেকে সরানোর ছক কষেই ২ কোটি টাকা খরচ করা হয় এবং সেই টাকা সরবরাহ করে ‘ভাইপো গ্যাং’।

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন যে, যাঁরা শুটারদের টাকা জোগান দিয়েছিলেন, তাঁদের ফোন কলের অডিও রেকর্ডিং তিনি নিজে শুনেছেন। বর্তমানে মামলার মূল তদন্ত সিবিআই করছে এবং ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। চন্দ্রনাথ হত্যাকাণ্ডে জড়িত দোষীরা কঠোর শাস্তি পাবে এবং তাঁদের ফাঁসি হবে বলে আশাপ্রকাশ করেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার দু’দিন পর ৬ মে রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গুলি করে হত্যা করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তায়ক চন্দ্রনাথ রথকে। হামলায় তাঁর গাড়িচালকও গুলিবিদ্ধ হন। দু’জনকেই মধ্যমগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে রাজ্য পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করলেও পরে মামলার ভার সিবিআই-কে দেওয়া হয়।

তৃণমূল কংগ্রেসও ঘটনার পর দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তির দাবি জানিয়েছিল এবং সিবিআই তদন্তকে সমর্থন জানিয়েছিল। পরবর্তীতে তদন্তের দায়িত্ব সিবিআই গ্রহণ করে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande