
আরামবাগ , ১৫ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তার আগে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় বিশেষ উদ্যোগ নিল আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা। মঙ্গলবার আরামবাগ থেকে ট্রেনে করে বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন যুব মোর্চার দুই কার্যকর্তা।
জানা গেছে, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার জেনারেল সেক্রেটারি সমীর সাঁতরা এবং চন্দ্রকোনা বিধানসভার আইটি ইনচার্জ সুমন দেওয়ান হাওড়া থেকে ট্রেনে বারাণসী যাবেন। এরপর বারাণসী থেকে গঙ্গার জল সংগ্রহ করে বাইকে করে আমেদাবাদের ভাদোদরায় পৌঁছবেন তাঁরা। সেখানে একটি শিব মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গল কামনায় সেই জল দিয়ে পুজো করবেন।
এদিন আরামবাগ প্রফুল্লচন্দ্র রেলস্টেশনে তাঁদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, যুব মোর্চার জেলা সভাপতি কার্তিক দত্ত-সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। তাঁদের পক্ষ থেকে দুই যুব মোর্চা কার্যকর্তাকে সংবর্ধনাও দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA