
আরামবাগ , ১৫ সেপ্টেম্বর (হি.স.): আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের মেধাবী ছাত্রী অন্বেষা কোনার। আর্থিকভাবে পিছিয়ে থাকা সত্ত্বেও অধ্যবসায় ও কঠোর পরিশ্রমকে সঙ্গী করে এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে নজির গড়েছেন তিনি। তাঁর এই সাফল্যে গর্বিত কলেজের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে এলাকার মানুষ।
অন্বেষার আরও ভালোভাবে পড়াশোনা চালিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে একটি ল্যাপটপের প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে পুরশুড়ার বিধায়ক তথা আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির প্রেসিডেন্ট বিমান ঘোষের উদ্যোগে বিধায়ক কার্যালয় থেকে তাঁর হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়।
ল্যাপটপ তুলে দিয়ে বিমান ঘোষ জানান, অন্বেষার মতো মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। আর্থিক প্রতিকূলতা যেন কোনওভাবেই মেধা ও প্রতিভার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। অন্বেষার সাফল্য আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে অন্বেষার পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে এই ল্যাপটপ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর এই অসাধারণ সাফল্য এবং আগামী দিনের স্বপ্নপূরণের জন্য শুভেচ্ছা জানান বিমান ঘোষ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA