
শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির আশিঘর ফাঁড়ি এলাকায়। পুলিশ এই ঘটনায় মৃতার নাবালক প্রেমিককে আটক করেছে। মঙ্গলবার তার বিরুদ্ধে পকসো আইনে মামলাও দায়ের করা হয়েছে। সুইসাইড নোটে প্রেমিকের বিরুদ্ধে নাবালিকা গুরুতর অভিযোগ করেছে বলে জানা গেছে। পুলিশ নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে নাবালিকার বাড়িতে কেউ ছিল না। সেই সময় ওই নাবালিকা নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তার মা বাড়িতে ফিরে এসে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও কোনও সাড়া না মেলায় ঘরের অন্য একটি অংশ থেকে ভিতরে তাকাতেই মেয়েটির ঝুলন্ত দেহ দেখা যায়। ঘটনার খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। সুইসাইড নোটে মেয়েটি তার বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে নিজের মৃত্যুর জন্য তার প্রেমিককে দায়ী করে। এর পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার নাবালক প্রেমিককে আটক করে পকসো আইনে মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ