
বার্সিলোনা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): দুই গোলে এগিয়ে গিয়েও ম্যাচ চলে গিয়েছিল সমতায়। পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত খেলার শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপে ও কার্লোস এস্পির বোঝাপড়ায় জয়ের গোল পেল মরিনিয়োর দল। অসাধারভাবে ঘুরে দাঁড়িয়েও হার এড়াতে পারল না মরসুমে এখন পর্যন্ত জয়হীন এলচে। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
উল্লেখ্য, গত মরসুমে লিগে ঘরের মাঠে রিয়ালকে ২-২ গোলে রুখে দিয়েছিল এলচে। এবার সেরকম একটা সম্ভাবনা জাগিয়ে পারলো না এলচে।
প্রথমার্ধে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর, ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের ব্যবধানে আবিয়েল ওসোরিও ও ফের্নান্দো নিনোর গোলে সমতায় ফেরে এলচে। তাতে নাটকীয় মোড় নেওয়া লড়াইয়ে বদলি নামার কিছুক্ষণের মধ্যে ব্যবধান গড়ে দেন এস্পি।
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। আর তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। তবে একটি ম্যাচ কম খেলেছে কাতালান ক্লাবটি। আর ছয় ম্যাচ খেলে জয়শূন্যই রইল এলচে। মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি