
নৈহাটি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): এশিয়ার অন্যতম বৃহত্তম মৎস্য বাজার হিসেবে পরিচিত নৈহাটির রাজেন্দ্রপুর মৎস্য আরত থেকে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকী বিদেশেও মাছ রফতানি করা হয়। সম্প্রতি ঝাড়খণ্ডে মাছ পাঠাতে গিয়ে সমস্যায় পড়ছেন রাজেন্দ্রপুরের মৎস্য ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ঝাড়খণ্ড সীমান্তে মাছের গাড়ি ঢোকার পর চালকদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, দাবি মতো টাকা দিতে না পারলে গাড়িচালকদের মারধর করা হচ্ছে। এমনকী মাছের উপর বিষাক্ত তেল ঢেলে মাছ নষ্ট করে দেওয়ারও অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, এইভাবে এখনও পর্যন্ত প্রায় সাতটি গাড়ির মাছ নষ্ট করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।
ঘটনার পর রাজেন্দ্রপুর মৎস্য বাজারের পক্ষ থেকে শিবদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি পুরো ঘটনা রাজ্যের মৎস্যমন্ত্রীর নজরে আনা হবে বলেও জানিয়েছেন তাঁরা।
বুধবার মৎস্য বাজার উন্নয়ন কমিটির সভাপতি সুগত ঘোষ এবং ব্যবসায়ী মনোজ রায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এই ধরনের ঘটনায় ব্যবসায়ীদের পাশাপাশি পরিবহণের সঙ্গে যুক্ত কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়