
ঝাড়্গ্রাম, ১৬ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষককে মারধরের অভিযোগ ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রামের বিকাশ ভারতী শিক্ষায়তন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পড়ুয়াদের সামনেই শিক্ষক অতনু মণ্ডলকে মারধর করা হয়েছে এই অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হল ছাত্র-ছাত্রীরা। ঘটনার জেরে বিদ্যালয় চত্বরে ছড়ায় উত্তেজনা পড়ুয়াদের অভিযোগ, বিদ্যালয়ের বিভিন্ন খরচের হিসাব নিয়ে আলোচনা চলছিল। সেই সময় শিক্ষক অতনু মণ্ডল খরচের সঠিক হিসাব দেওয়ার দাবি জানান। অভিযোগ, এরপরই কয়েকজন শিক্ষক তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে পড়ুয়াদের সামনেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে এ দিন স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, শিক্ষক অতনু মণ্ডলকে যদি অন্যায়ভাবে মারধর করা হয়ে থাকে, তাহলে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি বিদ্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধেও কয়েকজন ছাত্রী গুরুতর অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, ওই কর্মচারী ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং গায়ে হাত দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে প্রমাণের অভাবে এতদিন বিষয়টি প্রকাশ্যে জানাতে পারেনি বলে দাবি পড়ুয়াদের। শিক্ষককে মারধর এবং ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ঘিরে বিদ্যালয়ের পরিবেশ ও পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবিষয়ে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর মাহাত বলেন, ২০২৫ সালের এপ্রিল মাসে প্রধান শিক্ষক অবসর গ্রহনের পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় অতনু মন্ডলকে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের কোনো রকমের উন্নয়ন হয়নি। পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়ছে। উনি যে সমস্ত অভিযোগ বলছেন সে গুলি সব মিথ্যা।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো