তেহট্টে সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ
নদিয়া, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : নদিয়া জেলার তেহট্টে তৃণমূল কংগ্রেসের একটি কর্মীসভায় যোগ দিতে এসে চরম ক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগর লোকসভার সাংসদ তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি মহুয়া মৈত্র। বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে তাঁকে লক্ষ্য ক
তেহট্টে সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ


নদিয়া, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : নদিয়া জেলার তেহট্টে তৃণমূল কংগ্রেসের একটি কর্মীসভায় যোগ দিতে এসে চরম ক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগর লোকসভার সাংসদ তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি মহুয়া মৈত্র। বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতির সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

বুধবার তেহট্টের হাউলিয়া মোড়ে তৃণমূলের কর্মীসভা চলাকালীন মহুয়া মৈত্র পৌঁছাতেই বিজেপি সমর্থকরা কালো পতাকা দেখিয়ে 'গো ব্যাক' স্লোগান দিতে শুরু করেন। সভা শেষে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন পুনরায় বিক্ষোভ শুরু হয় এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। সেই ডিম তাঁর পোশাকেও লাগে, যার ছবি তিনি পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে এবং তাঁরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়নি দাবি করে তিনি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন।

কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে মহুয়া মৈত্র বলেন, বিজেপি এসব অপচেষ্টা করে তৃণমূলের কর্মসূচি থামাতে পারবে না। একটি সভা আটকানোর চেষ্টা হলে তার জবাবে আরও একাধিক সভা করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande