
দেহরাদূন, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রধানমন্ত্রীকে ‘আধুনিক ভারতের স্থপতি’ হিসেবে অভিহিত করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
উত্তরাখণ্ডের সমগ্র জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত ভারতমাতার সেবা, জাতির কল্যাণ ও দেশের অগ্রগতিতে উৎসর্গ করেছেন। তিনি জানান, দেবভূমি উত্তরাখণ্ডের আরাধ্য দেবদেবী, বাবা কেদারনাথ এবং ভগবান বদ্রী বিশালের কাছে তিনি প্রার্থনা করেন যেন সর্বদা প্রধানমন্ত্রীর ওপর তাঁদের আশীর্বাদ বজায় থাকে। দেশবাসী যাতে আরও বহু বছর তাঁর বলিষ্ঠ নেতৃত্বের সুফল লাভ করতে পারে এবং তিনি যেন দীর্ঘ ও নীরোগ জীবন লাভ করেন, সেই প্রার্থনাই জানান মুখ্যমন্ত্রী।
স্বাধীনোত্তর ভারতে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাবনার প্রশংসা করে পুষ্কর সিং ধামি বলেন, নরেন্দ্র মোদীই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার শতবর্ষে অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি পূর্ণাঙ্গ ‘উন্নত রাষ্ট্র’ বা ‘বিকশিত ভারত’-এ পরিণত করার স্পষ্ট সংকল্প গ্রহণ করেছেন এবং সমস্ত দেশবাসীর সামনে সেই যৌথ স্বপ্ন তুলে ধরেছেন।
তিনি আরও উল্লেখ করেন, এই লক্ষ্য পূরণে দেশজুড়ে প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব গতিতে কাজ চলছে। নতুন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপন, নতুন আইআইটি-আইআইএম প্রতিষ্ঠা, বিমানবন্দর নির্মাণ, নতুন নতুন প্রকল্প ও ঐতিহাসিক উদ্যোগের বাস্তবায়ন—সব মিলিয়ে পরিকাঠামো ক্ষেত্রে আমূল রূপান্তর ঘটছে। চার লেন ও ছয় লেনের আধুনিক সড়ক, জাতীয় সড়ক, উড়ালপুল নির্মাণ থেকে শুরু করে রেল ক্ষেত্রের যুগান্তকারী উন্নয়ন—এমন কোনও ক্ষেত্র নেই যা এখন এই পরিবর্তনের ছোঁয়া পায়নি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে এক নজিরবিহীন অগ্রগতি প্রত্যক্ষ করছে দেশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ