
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): জরুরি পরিষেবাকে আরও দ্রুত ও পরিবেশবান্ধব করে তুলতে নতুন উদ্যোগ কলকাতা পুলিশের। পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে শুক্রবার জরুরি পরিষেবার জন্য একটি ব্যাটারিচালিত ইলেকট্রিক মোটরবাইক চালু করা হল। ‘নিরাপদ, সবুজ ও পরিচ্ছন্ন কলকাতা’ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে এই ইলেকট্রিক মোটরবাইক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ১১২ নম্বরে কোনও জরুরি ফোন আসার পর সংশ্লিষ্ট পুলিশকর্মীরা কম সময়ে ঘটনাস্থলে পৌঁছতে পারবেন। ফলে শহরে জরুরি পরিষেবার গতি বাড়ার পাশাপাশি পুলিশের দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাও আরও শক্তিশালী হবে।
এই ব্যাটারিচালিত মোটরবাইক ব্যবহারের ফলে জ্বালানির খরচ কমার পাশাপাশি পরিবেশ দূষণও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ। শহরের ব্যস্ত রাস্তায় দ্রুত যাতায়াতের ক্ষেত্রেও এই ধরনের ছোট আকারের বৈদ্যুতিক যান কার্যকর হবে বলে জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্ষাকালেও এই ব্যাটারিচালিত যান ব্যবহারে বিশেষ সমস্যা হবে না। জরুরি পরিষেবায় গতি বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব পুলিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়