
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্যের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ঘন ঘন বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। রবিবার পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার থেকে মঙ্গলবার কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও সতর্কতা নেই।
এদিকে, থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরের দিকে সরে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ‘অর্ণব’ নিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি দেয়নি আবহাওয়া দফতর।
কলকাতায় আজ ও কাল আকাশ মেঘলা থাকবে। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়