
নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি পুরসভার (এমসিডি) এক সাফাইকর্মীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে আম আদমি পার্টি (এএপি)-র বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়ল ভারতীয় জনতা পার্টি। অভিযুক্ত এএপি কাউন্সিলর বিজয় কুমারের অবিলম্বে বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে রবিবার এএপি-র দলীয় কার্যালয়ের বাইরে একযোগে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকরা।
বিক্ষোভে অংশ নিয়ে বিজেপি সাংসদ যোগেন্দ্র চান্দোলিয়া এএপি কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি আর্থিক প্রতারণা ও আত্মহত্যার প্ররোচনার গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, এএপি-র এক কাউন্সিলর লোন পাইয়ে দেওয়ার অছিলায় ওই সাফাইকর্মীর সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে। সাফাইকর্মীর গোটা বেতনটাই কাউন্সিলর নিজের পকেটে পুরতেন এবং বিনিময়ে তাঁকে যৎসামান্য কিছু টাকা দিতেন। চরম আর্থিক ও মানসিক চাপে শেষপর্যন্ত ওই কর্মী আত্মহত্যা করতে বাধ্য হন। আত্মঘাতী হওয়ার আগে তিনি স্পষ্ট জানিয়ে গেছেন, এএপি কাউন্সিলরের কারণেই তিনি এই চরম পদক্ষেপ নিচ্ছেন।
বিজেপি সাংসদ আরও দাবি করেন, অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে ৩০২ ধারায় (খুনের মামলা) অভিযোগ দায়ের করে অবিলম্বে তাঁকে গ্রেফতার করা হোক এবং জেলে পাঠানো হোক। এই ঘটনাকে ঘিরে রাজধানীর রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটাই চড়েছে। এএপি নেতৃত্বের তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ