
মহেশতলা, ২০ সেপ্টেম্বর (হি.স.): বিশ্বকর্মা পুজোর রাত থেকে নিখোঁজ ছিলেন ৩৪ বছরের যুবক রিতেশ মান্না। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার সকালে মহেশতলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের লালাবাগান এলাকায় একটি জলের সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর রাত থেকেই রিতেশের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করেন। পরিচিতদের কাছেও খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। অবশেষে লালাবাগান এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্রনগর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল এবং কীভাবে তাঁর দেহ সেপটিক ট্যাঙ্কের ভিতরে পৌঁছল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত্যুর নেপথ্যে কোনও দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়